সিলেটে কখন কোথায় ঈদের জামাত

সিলেট প্রকাশ ডেস্ক : প্রতি বছরের ন্যায় এবারো সিলেটে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে নামাজের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ।

শাহজালাল (রহ.) জামে মসজিদ: নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামায়াত ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টি বেশী হলে দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। তখন সকাল ৯টায় ২য় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।

আলীয়া মাদরাসা মাঠ: ঐতিহ্যবাহী সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।

কুদরত উল্লাহ মসজিদ: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে মসজিদ কর্তৃপক্ষ জামাতগুলোর সময়সূচি ও ইমামগণের নাম চ‚ড়ান্ত করেছে।
মসজিদ কমিটি সূত্রে জানানো হয়েছে, ঈদের দিন প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
এতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, যেখানে ইমামতি করবেন কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। এবং তৃতীয় ও সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এই জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।
এক বিজ্ঞপ্তিতে কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি মুকতাবিস উন নূর জানান, প্রতি বছরের ন্যায় এবারও সুশৃঙ্খলভাবে ঈদের জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি নির্দিষ্ট সময়ের অন্তত ১৫ মিনিট আগে মুসল্লিদের মসজিদে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।

একই সাথে তিনি পৃথক এই তিনটি জামাতকে সফল করার জন্য সকল ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।